আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার সূচক বা অ্যাপ্রুভাল রেটিং তার প্রেসিডেন্সির সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। একই সঙ্গে বিপুলসংখ্যক মার্কিন নাগরিক মনে করছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলবে। সোমবার শেষ হওয়া রয়টার্স/ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
চার দিনব্যাপী ওই জরিপে অংশ নেওয়া মাত্র ৩৩ শতাংশ মানুষ হোয়াইট হাউসে ট্রাম্পের কার্যক্ষমতার প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ৬৪ শতাংশ তা অনুমোদন করেননি। চলতি মাসের শুরুর দিকে এক জরিপে তার জনপ্রিয়তা ছিল ৩৫ শতাংশ। সেটি কমে গিয়ে এখন ট্রাম্পের বর্তমান মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা ২০১৭ সালের ডিসেম্বরে তার প্রথম মেয়াদে যে সর্বনিম্ন ৩৩ শতাংশ অনুমোদন হার দেখা গিয়েছিল, এবার তা আবারও ছুঁয়েছে।
২০২৫ সালে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্পের প্রতি দেশের প্রায় অর্ধেক মানুষের সমর্থন ছিল। তবে চলতি বছর ইরানের ওপর যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হামলার নির্দেশ দেওয়ার পর তার জনপ্রিয়তায় ধাক্কা লাগে এবং কমতে থাকে। শুরু হওয়া সংঘাতে বৈশ্বিক তেল বাণিজ্যের এক-পঞ্চমাংশ কার্যত স্থবির হয়ে পড়ে। এতে জ্বালানির দাম বেড়ে যায়, যা মার্কিন পরিবারগুলোর ওপর চাপ তৈরি করছে। একই সঙ্গে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে লড়াই করা ট্রাম্পের রিপাবলিকান মিত্রদের ওপরও প্রভাব পড়ছে।
ট্রাম্প নির্বাচনী প্রচারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুরুতে তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে সংঘাত কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে। কিন্তু ইরান তার দৃঢ় অবস্থান ধরে রেখেছে। সংঘাত কিছুটা শিথিল হলেও হরমুজ প্রণালি দিয়ে তেল বাণিজ্য অনেকটাই আটকে রাখতে সক্ষম হয়েছে দেশটি।
রয়টার্স/ইপসোসের জরিপ অনুযায়ী, ৮০ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ইরানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ‘দীর্ঘ সময় ধরে চলবে’। এর মধ্যে ডেমোক্র্যাটদের ৮৭ শতাংশ এবং রিপাবলিকানদের ৭১ শতাংশ এমন মত দিয়েছেন। অন্যদিকে মাত্র ১৬ শতাংশ মানুষ মনে করেন, সংঘাত সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে।
আলোকিত প্রতিদিন /১৮ আগস্ট ২০২৬/মওম

