নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ—কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে।
ভোট দুপুর ২টা থেকে বিকেল ৫টা :
ইসি সচিব জানান, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ২০ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
ভোটগ্রহণের শুরুতে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে কার্যক্রম শুরু করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ নকশার ব্যালট পেপার অনুমোদন করা হয়েছে। সাদা কাগজে কালো রঙে ব্যালট পেপার ছাপানো হবে। আখতার আহমেদ বলেন, ভোটগ্রহণ শেষে দ্রুত প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। এ জন্য নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য:
এবার রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। আদালতের নির্দেশে একজন নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ আসনটি বর্তমানে শূন্য রয়েছে।
ভোটগ্রহণ শেষে বৈধ ও অবৈধ ভোট গণনা করা হবে। এরপর জাতীয় সংসদ কক্ষেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা।
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন :
গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর শূন্য পদে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৬ আগস্ট তফসিল ঘোষণা করে ইসি।
১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর পর সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান নির্বাচনের এই ভোটকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

