আজ , ।   

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে ১২টি রেসকিউ স্পিডবোট দিল জাইকা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও বাড়াতে ১২টি রেসকিউ স্পিডবোট দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। মঙ্গলবার (১৮ আগস্ট) দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারকরণ প্রকল্পের আওতায় দেশের ১২টি দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলার জেলা প্রশাসকদের কাছে স্পিডবোটগুলো হস্তান্তর করা হয়।

নারায়ণগঞ্জের গোল্ডেন ফাইবার গ্লাসের কনফারেন্স কক্ষে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জাপান সরকার ও জাইকার প্রতিনিধিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

হস্তান্তর করা স্পিডবোটগুলো বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, কক্সবাজার, খুলনা, বরগুনা, ঝালকাঠি, চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় ব্যবহার করা হবে। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় জরুরি যোগাযোগ, অনুসন্ধান ও উদ্ধারকাজে এসব নৌযান কাজে লাগানো হবে।

অনুষ্ঠানে জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো বলেন, গত জুলাইয়ে চট্টগ্রাম ও কক্সবাজারে আকস্মিক বন্যার সময় জাইকার সহায়তায় দেওয়া রেসকিউ বোটগুলো জরুরি উদ্ধার কার্যক্রমে কার্যকর ভূমিকা রেখেছে। নতুন স্পিডবোটগুলো দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আরও বাড়াবে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে জানান তিনি।

তাকাহাশি জুনকো বলেন, জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে। নতুন নৌযান হস্তান্তরের মধ্য দিয়ে বাস্তবভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং আরও নিরাপদ ও দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়ে তুলতে দুই দেশের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।

দুর্যোগ মোকাবিলায় চলমান সহযোগিতার অংশ হিসেবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যাপ্রবণ জেলা ও উপজেলায় আরও ৪৩টি অগভীর পানিতে চলাচল উপযোগী রেসকিউ স্পিডবোট বিতরণের পরিকল্পনা রয়েছে। পরিকল্পিত এ নৌযানগুলোর আওতায় সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, নেত্রকোনা ও জামালপুরসহ বিভিন্ন বন্যাপ্রবণ এলাকা রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বন্যার প্রকোপ এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাড়তে থাকা দুর্যোগঝুঁকি বিবেচনায় নিয়ে জরুরি উদ্ধার ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, সংসদ সদস্য আবুল কালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -