নিজস্ব প্রতিবেদক:
মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ এবং ভুটান। ১৮ আগস্ট মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের চতুর্থ দফার পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ঢাকার পক্ষে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং থিম্পুর পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব পেমা লেকতুপ দর্জি। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আঞ্চলিক এবং বহুপাক্ষিক পর্যায়ে সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেছে।
উভয় পক্ষই দীর্ঘদিনের বন্ধুত্ব, আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন পুনর্ব্যক্ত করেন এবং রাজনৈতিক, বাণিজ্য এবং বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পর্যটন, কৃষি এবং মানুষে মানুষে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অবিচ্ছিন্ন অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।
উভয় পক্ষই দুই দেশের সরকারের মধ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগ এবং নিয়মিত আলোচনা আরও জোরদার করতে সম্মত হয়েছে। তারা সদিচ্ছা এবং রাজনৈতিক বোঝাপড়াকে বাস্তব ফলাফলে রূপান্তরিত করার গুরুত্ব দেন।
সংস্কৃতি, পর্যটন, কৃষি, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা, প্রাতিষ্ঠানিক যোগসূত্র, যুব বিনিময় এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির কথাও বৈঠকে উল্লেখ করেন।
উভয়পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং বেসরকারি খাতের সহযোগিতা জোরদার, বাংলাদেশ-ভুটান প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্টের (পিটিএ) আওতায় পণ্যের কভারেজ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা খতিয়ে দেখার ওপর গুরুত্বারোপ করেছেন।
বাংলাদেশ গেলেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) উদ্যোগের প্রতি সমর্থন এবং আগ্রহ প্রকাশ করেছে ও টেকসই উন্নয়ন, আঞ্চলিক সংযোগ এবং অভিন্ন সমৃদ্ধি প্রচারে এর সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতার সুযোগ অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কার্যক্রম ত্বরান্বিত করার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
উভয়পক্ষ বৃহত্তর আঞ্চলিক সংহতকরণ প্রচারের জন্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এবং বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) অধীনে আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেছেন।
আলোকিত প্রতিদিন /১৮ আগস্ট ২০২৬/মওম

