নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদর মডেল থানার উদ্যোগে পৌরসভার ৩ নং ওয়ার্ডের বড় বাজারে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগষ্ট সোমবার বিকেল সাড়ে ৪ টায় কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক ( অপারেশনস্) শোভন কুমার সাহার নেতৃত্বে বড় বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশগ্রহণকারী পুলিশ সদস্য ও যুবকেরা হাতে বিভিন্ন সচেতনতামূলক প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার বহন করেন। প্লেকার্ডগুলোতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, নৈতিকতার শিক্ষা এবং খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) শেখ মোহাম্মদ আলী।
উক্ত মাদক বিরোধী র্যালি ও সমাবেশে থানার অফিসার ফোর্স, ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল, বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যতকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন শক্তিশালী সামাজিক প্রতিরোধ ও সম্মিলিত উদ্যোগ।
বক্তারা আরো বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। একটি সুন্দর, সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গঠন করতে হলে মাদকের বিরুদ্ধে কেবল আইনি পদক্ষেপ নয়, প্রতিটি পরিবার ও ঘর থেকেই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতাস থেকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষক ও তরুণ প্রজন্মসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাদক বিরোধী র্যালি ও সমাবেশে ১০০ থেকে ১৫০ জন সচেতন নাগরিক অংশগ্রহণ করে। উপস্থিত সকলের কাছে মাদক নির্মুলের সহযোগিতা কামনা করে মাদক বিরোধী র্যালি ও সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
আলোকিত প্রতিদিন /১৭ আগস্ট ২০২৬/মওম

