মো, মহিদ: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় তিনি দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পাবলিক প্রসিকিউটর (পিপি) নূরতাজ আলম বাহারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই মাছের উৎপাদন বৃদ্ধি ও জলজ সম্পদের সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
কর্মসূচি শেষে মন্ত্রী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে একটি গাছের চারা রোপণ করেন।
আলোকিত প্রতিদিন/এপি

