আজ , ।   

ঘিওরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পুরস্কার বিতরণ

আরো খবর

​সৈয়দ এনামুল হুদা, মানিকগঞ্জ: “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় ঘিওর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘিওর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আখতার তামান্না, মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ।

​এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জানে আলম, ঘিওর প্রেসক্লাবের সভাপতি মহসীন খান হীরা এবং সফল মৎস্য চাষী রায়হান হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মৎস্যচাষীবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। আধুনিক প্রযুক্তির ব্যবহারে পরিবেশবান্ধব উপায়ে মাছ চাষ বাড়িয়ে কীভাবে ঘিওরকে একটি উদ্বৃত্ত মাছ উৎপাদনকারী উপজেলায় রূপান্তর করা যায়, সে বিষয়ে আলোকপাত করা হয়।

​আলোচনা সভা শেষে স্থানীয় পর্যায়ে মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখা এবং দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করায় সফল মৎস্যচাষীদের হাতে সম্মাননা স্মারক ও বিশেষ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -