নিজস্ব প্রতিবেদক
সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে এবং বর্তমান পরিস্থিতি থেকে জাতিকে পরিত্রাণ দিতে কবি ও সাহিত্যিকদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক জামাল উদ্দিন জামাল।
শুক্রবার রাজধানীর ইন্দিরা রোডস্থ নিজস্ব কার্যালয়ে ‘অন্যধারা সাহিত্য সংসদ’-এর উদ্যোগে আয়োজিত নিয়মিত সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামাল উদ্দিন জামাল বলেন, “আমরা এখন নৈতিক ও সামাজিক অবক্ষয়ের অসভ্যতা অতিক্রম করছি। চারিদিকে মিথ্যা, শঠতা, প্রতারণা, ধর্ষণ এবং সব ক্ষেত্রেই অনিয়ম চলছে। দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের ফলেই সমাজে এই অবস্থার সৃষ্টি হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, এই সংকটময় অবস্থা থেকে উত্তরণে কেবল সরকারের ওপর নির্ভরশীল হলে চলবে না; কবি-সাহিত্যিকসহ সবাইকে এগিয়ে আসতে হবে। কবিতার মাধ্যমেই মানুষের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে হবে এবং কবিদের কলমকে আরও সোচ্চার ও শানিত করতে হবে।
বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, গণতান্ত্রিক সরকারের আমলে কবি-সাহিত্যিকরা লেখার মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরলে সরকার তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে। পাশাপাশি বর্তমান সরকার সাহিত্যিকদের যথাযথ মূল্যায়ন করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কবি ড. এ.টি.এম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আড্ডায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি শান্তা মারিয়া এবং অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন কবি জেবুন্নেছা মুনিরা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অন্যধারা সাহিত্য সংসদের সভাপতি ও সিনিয়র সাংবাদিক কবি সৈয়দ রনো, মহাসচিব কবি ড. কল্যাণ চক্রবর্তী, যুগ্ম মহাসচিব কবি মোজাফ্ফর বাবু এবং সাংগঠনিক সচিব কবি লিলি শেঠ।
এছাড়াও সাহিত্য আড্ডায় কবি মুহম্মদ আবদুল মজিদ, কবি সরকার হুমায়ুন, কবি রাকিব রহমানসহ আরও অনেক কবি ও সাহিত্যপ্রেমী উপস্থিত ছিলেন।

