আজ , ।   

সাভারে জে*এমবি আস্তানার পর মসজিদের মাঠে মিলল প্রেসার কুকার বো*মা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

সাভারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর আস্তানা শনাক্ত ও একজনকে গ্রেপ্তারের ঘটনার মধ্যে এবার একটি মসজিদের মাঠ থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে সাভারের সাধাপুর গোপের বাড়ি এলাকার লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে বোমাটি উদ্ধার করা হয়। সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, স্থানীয়রা মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান। ড্রামের ভেতরে কাপড়চোপড়, কোরআন শরিফের পাশাপাশি একটি প্রেসার কুকার পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা তিন ব্যক্তি রাতে ড্রামটি সেখানে রেখে যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনাস্থলে পাওয়া বস্তুটি পরীক্ষা ও নিরাপদে অপসারণের জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে গত ৩০ জুলাই সাভারের আশুলিয়ায় একটি মুদিদোকানের সামনে ফেলে যাওয়া ট্রাভেল ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি প্রেসার কুকার বোমা উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

ওই ঘটনার সূত্র ধরে তদন্তে নামে সিটিটিসি। তদন্তের একপর্যায়ে দুজনকে শনাক্ত করার পর গত মঙ্গলবার রাতে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির একটি আস্তানার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে আরিফ নামে একজনকে আটক করা হলেও কথিত বোমারু মামুন, যার নাম নাজমুল হাসান ওরফে বোমারু মামুন, এখনো গ্রেপ্তার হয়নি।

সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, আশুলিয়ায় উদ্ধার হওয়া প্রেসার কুকার বোমার সূত্র ধরেই সাভারে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। সর্বশেষ লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে উদ্ধার হওয়া প্রেসার কুকার বোমাটির সঙ্গে আগের ঘটনাগুলোর কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -