আজ , ।   

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

আরো খবর

বিশেষ প্রতিবেদক :

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হতে পারে। এরপর দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বৃহস্পতিবারের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। ফলে শেষ দিনেই দলের প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে বিএনপির।

এ বিষয়ে বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বৈঠকের সিদ্ধান্ত পেলে জানাবো।’

এর আগে রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসে। তবে এ বিষয়ে দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

স্থায়ী কমিটির বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। উল্লেখ্য, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে স্থায়ী কমিটির বৈঠক আহ্বানের নজির রয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -