বিনোদন ডেস্ক:
থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি জানিয়ে ১১ আগস্ট মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, বর্তমানে সুস্থ আছেন।
খায়রুল বাসার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে যারা খোঁজ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ উদ্বিগ্নদের উদ্দেশে বলেন, ‘আমি ঠিকঠাক আছি।’
জাগা গেছে এর আগে, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে শুটিং শেষে পাহাড় থেকে নামার সময় স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান খায়রুল বাসার এবং চিত্রগ্রাহক মেহেদী রনি। স্কুটিটি চালাচ্ছিলেন মেহেদী রনি। দুর্ঘটনায় তিনিও আহত হন। দুর্ঘটনার পর শুটিং টিমের সদস্যরা তাদের উদ্ধার করেন। পরে তারা চিকিৎসার জন্য পাতায়ায় যান ।
খায়রুল বাসার গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় তার বুকে ব্যথা হয়েছে এবং হাঁটুতে আঘাত পেয়েছেন। দুর্ঘটনার কারণে শুটিং বাতিল করতে হয়েছে। আগামী কয়েক দিন শুটিং করা সম্ভব নয়।
রাতে দেওয়া নিজের স্ট্যাটাসে খায়রুল বাসার জানিয়েছেন, সামনে কয়েক দিন ভ্রমণের পরিকল্পনা রয়েছে তার। সুস্থতার সঙ্গে সুন্দর ভ্রমণ শেষে দেশে ফিরতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। লিখেছেন, কিছুদিন এপ্রান্তে ওপ্রান্তে ঘুরবো প্ল্যান করেছি। দোয়া রাখবেন একটা সুন্দর ভ্রমণ শেষে ফিরতে পারি। আপনারাও সুস্থ এবং সুন্দর থাকুন, ফি-আমানিল্লাহ্।
আলোকিত প্রতিদিন/ ১২ আগস্ট ২০২৬/মওম

