আন্তর্জাতিক ডেস্ক:
গত শুক্রবার তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব নিজেদের মধ্যে মক্কা চুক্তি নামে একটি সামরিক চুক্তি করে। ন্যাটোর আদলে করা এ চুক্তিতে বলা আছে, তিন দেশের এক দেশের ওপর অন্য কোনো দেশের হামলাকে সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।
এ নিয়ে আজ কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। যেহেতু পাকিস্তানের ওপর কোনো হামলা হলে এখন তুরস্ক এবং সৌদি তাদের ওপর হামলা হিসেবে বিবেচনা করবে তাই এ বিষয়টির স্পর্শকাতরতা উল্লেখ করে জয়সওয়ালকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে এ কূটনীতিক জানান, ভারত তার জাতীয় স্বার্থ রক্ষা করছে এবং রক্ষা করে যাবে।
তিনি বলেন, “এ চুক্তির ব্যাপারে, আমরা এটির প্রভাব ভারতের জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার দিক দিয়ে পরীক্ষা করছি। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় পরিপূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় স্বার্থ রক্ষায় ভারত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অব্যাহত রাখবে।”
এদিকে তুরস্ক জানিয়েছে, এ চুক্তিটি সম্পূর্ণ রক্ষণাত্মক। অর্থাৎ তারা কোনো দেশকে টার্গেট করে চুক্তিটি করেনি। দেশটি বলেছে, মক্কা চুক্তির লক্ষ্য হলো আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষা করা।
তিন সুন্নি মুসলিম দেশের এ চুক্তিকে রাজনীতির নতুন মেরুকরণ হিসেবে বিবেচনা করছে। কারণ পাকিস্তানের আছে পারমাণবিক শক্তি। তুরস্কের আছে সৈন্য এবং আধুনিক সমরাস্ত্রের শক্তি। অপরদিকে সৌদির আছে অঢেল অর্থ ও আকাশ শক্তি। মুসলিম দেশগুলোর মধ্যে সৌদি আরবেরই সবচেয়ে বেশি যুদ্ধবিমান আছে।
সূত্র: দ্য হিন্দু
আলোকিত প্রতিদিন/ ১২ আগস্ট ২০২৬/মওম

