আজ , ।   

ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, লিটারপ্রতি ২০ রুপি দেওয়ার পরিকল্পনা

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের উত্তর প্রদেশে কৃষকদের কাছ থেকে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের একটি পাইলট প্রকল্প শুরু করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। বুলন্দ শহরের ১৫টি গ্রামে চালু হওয়া এ প্রকল্পের আওতায় বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে।

প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার গোমূত্র ২০ রুপি দরে সংগ্রহের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এ জন্য সংশ্লিষ্ট গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটির মাধ্যমে কৃষকদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি, গ্রামীণ নারীদের কর্মসংস্থান এবং দুধ না দেওয়া গরুর রক্ষণাবেক্ষণে সহায়তা করা হবে।

প্রকল্পে ইতোমধ্যে প্রায় ৩০০ নারী যুক্ত হয়েছেন। তাদের ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের (এফপিও) শেয়ারহোল্ডার করা হয়েছে। গোমূত্র সংগ্রহে সহযোগিতাকারী নারীরা প্রতি লিটারে দুই রুপি করে কমিশন পাচ্ছেন।

সংগৃহীত গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহার করে রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণের বিকল্প তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। পাইলট প্রকল্পটি সফল হলে পুরো উত্তর প্রদেশে কার্যক্রম সম্প্রসারণের জন্য পৃথক নীতি প্রণয়ন করা হবে।

তবে এ উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধী সমাজবাদী পার্টি (এসপি) প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, নির্বাচনি তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই সরকার এটি চালু করেছে।

অন্যদিকে বিজেপি এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দলটির দাবি, এসপি বরাবরই সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের বিরোধিতা করে আসছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -