বিনোদন ডেস্ক :
‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) বলতেই দর্শকদের চোখে ভেসে ওঠে অমিতাভ বচ্চনের মুখ। দীর্ঘদিন ধরে তাঁর সঞ্চালনায় জনপ্রিয় এই কুইজ শো। এবার কেবিসির মারাঠি সংস্করণে যুক্ত হচ্ছে নতুন চমক। প্রথমবারের মতো কুইজ শোর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতকে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিন্দি ‘কেবিসি’ নয়, অনুষ্ঠানটির মারাঠি সংস্করণে সঞ্চালকের আসনে বসতে যাচ্ছেন মাধুরী।
সম্প্রতি হিন্দি ‘কেবিসি’র নতুন মৌসুমে অমিতাভ বচ্চনের সঞ্চালনায় প্রচার-ঝলক প্রকাশের পর মাধুরীকে ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে জানা যায়, মারাঠি সংস্করণেই নতুন এই দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
এর আগে মারাঠি ‘কেবিসি’ সঞ্চালনা করেছেন স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঞ্জুলের মতো তারকারা। তবে এবারই প্রথম কোনো নারী সঞ্চালকের নেতৃত্বে অনুষ্ঠানটি সাজানো হচ্ছে। ফলে মাধুরীর হাত ধরে মারাঠি ‘কেবিসি’তে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন দায়িত্বের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মাধুরী। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, এটি তাঁর জীবনের নতুন একটি অধ্যায়। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধনের এই প্ল্যাটফর্মের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। নতুন উদ্যমে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও জানান এই অভিনেত্রী।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শোয়ে বিচারকের ভূমিকাতেও দেখা গেছে মাধুরীকে। তবে পূর্ণাঙ্গ কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম তাঁকে দেখা যাবে। ফলে নতুন ভূমিকায় প্রিয় তারকাকে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।
তবে মারাঠি ‘কেবিসি’র প্রথম নারী সঞ্চালক হলেও পুরো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ ফ্র্যাঞ্চাইজির আঞ্চলিক সংস্করণে মাধুরী প্রথম নারী সঞ্চালক নন। এর আগে তামিল ভাষার ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করেছেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার।
আলোকিত প্রতিদিন / এম আর এম

