ঢাকা জেলা প্রতিনিধি :-মামুন আহমেদ জয়। ঢাকার ধামরাই, সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৫০টি ইয়াবা বড়ি ও এক কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে এসব অভিযান চালানো হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দলগুলো অভিযান পরিচালনা করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ধামরাই থানার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আক্কাস আলী (৫২) নামের একজনকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
একই সময়ে সাভার মডেল থানার পানপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় ডিবির আরেকটি দল। সেখান থেকে মো. বখতিয়ার গালীব (২৮) নামের একজনকে ১০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এ ছাড়া রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার কুমকুমারী এলাকায় অভিযান চালিয়ে মো. মোস্তাফিজুর রহমান টুটুল (৪৪) নামের আরেক ব্যক্তিকে ৫০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

