ক্রীড়া ডেস্ক:
আগামীকাল সফরকারী বাাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ডারউইনের মারারা স্টেডিয়ামে। এই ম্যাচের আগে দলের প্রস্তুতি, কন্ডিশন নিয়ে কথা বলেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তিন দিনে শেষ হতে পারে নাকি পুরো পাঁচ দিন হবে—এমন প্রশ্নের উত্তরে অবশ্য বিস্তারিত কিছু বলতে চাননি প্যাট কামিন্স।
কামিন্সের কাছে টেস্টের ফলাফল বা স্থায়িত্ব আগেভাগে অনুমান করা কঠিন। অধিনায়কের উত্তর, ‘কে জানে?’ তবে বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না কামিন্স। বরং অজানা চ্যালেঞ্জও দেখছেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বড় কিছু জয়ও তার নজরে রয়েছে।
প্যাট কামিন্স বলেন, ‘আমি মনে করি না, আমি কখনো সহজ কোনো টেস্ট ম্যাচ খেলেছি। তাই নিশ্চিতভাবেই তারা শক্তিশালী হবে। তাদের কয়েকজন খেলোয়াড়কে আমরা আগে খুব বেশি দেখিনি, ফলে টেস্ট ম্যাচে নামার আগে কিছুটা অজানা ব্যাপার থাকবেই। তবে গত কয়েক বছরে তারা বড় কিছু জয় পেয়েছে এবং দলে বেশ কিছু শক্তিশালী প্রতিভা আছে। তাই আমাদের প্রস্তুত আছি।’
২৩ বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে এসেছে—এমন পরিস্থিতি আরও নিয়মিত হওয়া উচিত বলেই মনে করেন তিনি, ‘আমরা তাদের কয়েকবার খেলেছি, অবশ্যই আইসিসির ইভেন্টে এবং বাংলাদেশেও। কিন্তু এখানে এত বেশি খেলিনি। বছরের এই সময়ে অস্ট্রেলিয়ায় তাদের খেলতে পারাটা দারুণ। আমি চাই এমনটা আরও বেশি হোক। টেস্ট ক্রিকেটের অন্যতম সৌন্দর্য হলো, আপনি বিভিন্ন দেশের বিপক্ষে খেলেন। প্রতিবারই চ্যালেঞ্জটা আলাদা। প্রত্যেক দল একটু ভিন্ন ধরনের ক্রিকেট খেলে। তাই আরও বেশি খেলতে চাই।’
বাংলাদেশের দলকে ঠিক কতটা শক্তিশালী মনে করছেন—এমন প্রশ্নে কামিন্স বলেন, ‘নিশ্চিত নই। হয়তো কয়েক সপ্তাহ পর আমাকে জিজ্ঞেস করলে আরও ভালো কিছু বলতে পারব। তবে আইসিসির কোনো ইভেন্টে তাদের বিপক্ষে খেলতে নামলে আপনি বেশ নার্ভাস থাকেন, কারণ তাদের দলে বড় কিছু খেলোয়াড় আছে।’
পরে লায়নের প্রশংসা করে কামিন্স বলেন, ‘নাথানকে ফিরে পাওয়া দারুণ ব্যাপার। কয়েক দিন আগে আমি অ্যাডিলেড টেস্টের কিছু ফুটেজ দেখছিলাম, আমার মনে হয়েছে সেটি কয়েক বছরের মধ্যে তার সেরা বোলিং ছিল। তাই চোটটা খুবই খারাপ সময়ে এসেছিল। কিন্তু সে দারুণভাবে ফিরে এসেছে। সে দারুণ বোলিং করছে। অধিনায়ক ও সতীর্থ হিসেবে তাকে আবার মাঠে পাওয়া অসাধারণ হবে।’
আলোকিত প্রতিদিন/ ১২ আগস্ট ২০২৬/মওম

