বিনোদন ডেস্ক:
‘কারাগারের মানুষ বাইরের মানুষের চেয়ে অনেক ভালো। বিশেষ করে মহিলাদের মধ্যে বিচারাধীন থাকা অধিকাংশ বন্দিই নির্দোষ’- বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী এমনটাই দাবি করলেন।
কৌতুকশিল্পী তন্ময় ভট্টের সঙ্গে এক পডকাস্টে কারাবাসে কাটানো সেই সময়ের নানা অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি এসব বলেন।
বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে গ্রেফতার হয়েছিলেন রিয়া। প্রায় ২৭ দিন কারাবন্দি থাকার পর জামিনে আসেন। পডকাস্টে কারাবাসে কাটানো সেই সময়ের নানা অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।
রিয়ার ভাষ্য, কারাগারে কোনও শ্রেণিবিভেদ নেই। সকলেই সমান। প্রত্যেকেই সেখানে এক একটি নম্বর। কারও নাম নেই। আলাদা পরিচয় নেই।
কারাবাসে সময় কাটানোর জন্য কী করেন বন্দিরা? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তারা গান করেন, নাচেন। রিয়াকে প্রশ্ন করা হয়, কারাগারে তার নিজের নম্বরটি এখনও মনে আছে কি না। প্রথমে হ্যাঁ বললেও পরেই অভিনেত্রী বলেন, ‘না’।
সেখানে খাবার কেমন ছিল জানতে চাইলে তার উত্তর সরাসরি দেননি অভিনেত্রী। বরং মজা করে বলেন যে, তিনি একটি বই লিখছেন, সেটি পড়লেই সব জানা যাবে। বইটির নাম জানতে চাওয়া হলে রিয়ার রসিক উত্তর, ‘চুড়েল কা বদলা’ যার অর্থ ‘প্রেতিনীর প্রতিশোধ’।
রিয়া কারাবাসে গেলেও, পরে সব অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। রিয়া চক্রবর্তীকে আগামীতে দেখা যাবে রিয়্যালিটি শো ‘দ্য ট্রেটর্স’ -এর দ্বিতীয় সিজনে। ১৩ আগস্ট প্রাইম ভিডিওতে এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটির সঞ্চালনায় কর্ণ জোহর।
আলোকিত প্রতিদিন/ ১২ আগস্ট ২০২৬/মওম

