আজ , ।   

বাংলাদেশকে ২০ কোচের প্রথম ট্রেনসেট দিতে প্রস্তুত ভারত

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশ রেলওয়ের জন্য লিংকে হফম্যান বুশ (এলএইচবি) প্রযুক্তির ২০ কোচের প্রথম ট্রেনসেট (রেক) সরবরাহ করতে প্রস্তুত ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)। ২০২৪ সালে রাইটস-এর মাধ্যমে দেওয়া সাতটি ভিন্ন ধরনের ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ অর্ডারের অংশ হিসেবে এগুলো তৈরি করা হয়েছে। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ।

এক বিবৃতিতে ভারতের রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, উচ্চতর নিরাপত্তা মান, কম রক্ষণাবেক্ষণ খরচ এবং উন্নত পরিচালন দক্ষতার জন্য পরিচিত এলএইচবি ব্রডগেজ কোচের এই ২০ কোচের প্রথম বহরটি শিগগিরই কাপুরথালার আরসিএফ থেকে বের করা হবে।

২০ কোচের এই রেকিংয়ে থাকবে তিনটি এসি স্লিপার কার, তিনটি এসি চেয়ার কার, ১২টি নন-এসি চেয়ার কার এবং দুটি পাওয়ার কার। এসব কোচে বেশ কিছু নতুন ডিজাইন ও পরিবর্তন আনা হয়েছে, যার কয়েকটি এলএইচবি ধরনের কোচে প্রথমবারের মতো যুক্ত করা হলো।

আগে চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের রেলমন্ত্রী শেখ রবিউল আলম সংসদে জানান, ভারত থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আমদানি করবে বাংলাদেশ। ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এসব কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে তিনি জানান।

ইতোপূর্বে রাইটস লিমিটেড বাংলাদেশ রেলওয়েকে ১২০টি ব্রডগেজ এলএইচবি যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ ও ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছিল। প্রতিষ্ঠানটি বাংলাদেশ রেলওয়ের বেশ কিছু অবকাঠামোগত প্রকল্পেও সহযোগী হিসেবে কাজ করেছে।

চলতি ২০২৬ সালের মে মাসে রাইটসের সিএমডি রাহুল মিথাল জানিয়েছিলেন, প্রথম চালানের পর চলতি অর্থবছরে অন্তত তিন থেকে চারটি ট্রেনসেট সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করছে তাদের প্রতিষ্ঠান।

রাহুল মিথাল বলেন, প্রথম চালান যাওয়ার পর আমরা এই অর্থবছরে অন্তত তিন-চারটি রেকের ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক কোচ পাঠানোর চেষ্টা করব। প্রথম চালান পাঠানোর পর আমাদের উৎপাদন হার আরও বৃদ্ধি পাবে।

আলোকিত প্রতিদিন/ ১১ আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -