নিজস্ব প্রতিবেদক :
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতদের সবাই বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে ওই শিল্প এলাকায় সোফা তৈরির একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুনে কারখানাটিতে কর্মরত ১৬ জন ঘটনাস্থলেই মারা যান বলে সেখানে দায়িত্ব পালনকারী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা নিহতদের সবাই বাংলাদেশি বলে জানিয়েছেন। তবে আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ দূতাবাস।
এদিকে, অগ্নিকাণ্ডের পর স্থানীয় ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং নিহতদের পরিচয় শনাক্তকরণে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছেন।
রোববার রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক শোকবার্তায় এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের এমন আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
মন্ত্রী আরও জানান, দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।
আলোকিত প্রতিদিন / এম আর এম

