আজ , ।   

জুলাই আন্দোলনে শহীদ সাদের ২য় শাহাদা*ত বার্ষিকী পালন

আরো খবর

মো. মাসুদ রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আফিকুল ইসলাম সাদের ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার দড়গ্রাম বাজারে সাদ ফাউন্ডেশনের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন দড়গ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সাগর।

এতে শহীদ সাদের স্মৃতিচারণ, তাঁর আত্মত্যাগের কথা তুলে ধরা এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে আলোচনা করা হয়। শহীদ সাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আন্দোলনে অংশ নেওয়ার সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শাহাদাত বরণ করেন। শহীদ সাদের বাবা মো. শফিকুল ইসলাম বলেন, সাদ জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে সক্রিয় যোদ্ধা ছিল।

৫ আগস্ট আন্দোলনে যাওয়ার সময় সে তার মায়ের কাছ থেকে ৩০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আন্দোলনে অংশ নেওয়ার সময় পুলিশের গুলি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ধামরাই সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ৮ আগস্ট ২০২৪ সালে চিকিৎসাধীন অবস্থায় সাদ শাহাদাত বরণ করে। স্মরণসভায় বক্তব্য দেন জুলাই যোদ্ধা আল মামুন, সোহানুর রহমান সোহান, দড়গ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুতালেব হোসেন, শহীদ সাদের ছোট ভাই সাজিদুল ইসলাম এবং সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আফিকুল ইসলাম সাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর স্বপ্ন ও আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে শহীদ সাদের পরিবারের সদস্যদের পাশাপাশি উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মাসুদ রানা, দড়গ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মনিরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জুলাই যোদ্ধা, এলাকাবাসী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -