আজ , ।   

২০ কোটি রুপির পারিশ্রমিক ছেড়ে প্রযোজক হতে চান শ্রদ্ধা

আরো খবর

বিনোদন ডেস্ক :

বলিউডে তারকাদের পারিশ্রমিক নেওয়ার ধরনে পরিবর্তন আসছে। নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিকের পাশাপাশি অনেক তারকাই এখন সিনেমার লাভ, স্বত্ব ও মেধাস্বত্বের অংশীদার হচ্ছেন। এবার সেই পথে হাঁটার কথা ভাবছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও।

‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত উদ্যোক্তা অশনীর গ্রোভারের জীবন অবলম্বনে নির্মিতব্য একটি বায়োপিকে তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে শ্রদ্ধার। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে থাকছেন রাহুল মোদী।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে অভিনয়ের জন্য শ্রদ্ধাকে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক আলোচনায় তিনি এককালীন পারিশ্রমিকের বদলে সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে।

এমন হলে শুরুতে নির্দিষ্ট কোনো পারিশ্রমিক না-ও নিতে পারেন শ্রদ্ধা। পরিবর্তে সিনেমার স্বত্ব, ওটিটি বিক্রি এবং বক্স অফিস আয় থেকে নির্দিষ্ট অংশ পাওয়ার সুযোগ থাকবে তার। সিনেমাটি ব্যবসাসফল হলে এভাবে তার আয় ২০ কোটি রুপির প্রস্তাবিত অঙ্ককেও ছাড়িয়ে যেতে পারে।

নির্দিষ্ট পারিশ্রমিকের বদলে সিনেমার লাভে অংশীদার হওয়ার মডেল বলিউডে অবশ্য নতুন নয়। সম্প্রতি অক্ষয় কুমারও এ ধরনের কৌশল অবলম্বন করে লাভবান হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় তুলনামূলক কম পারিশ্রমিক নিয়ে ছবিটির উল্লেখযোগ্য অংশের স্বত্ব নিজের এবং তার প্রযোজনা প্রতিষ্ঠানের হাতে রেখেছিলেন অক্ষয়। সিনেমাটি সফল হওয়ার পর লাভের অংশ হিসেবে তার আয় ৩৫ কোটি রুপির বেশি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

শাহরুখ খান, আমির খান, সালমান খান, অজয় দেবগন ও রণবীর সিংয়ের মতো বলিউডের শীর্ষ তারকারাও নির্দিষ্ট পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার মুনাফায় অংশ নেওয়ার মডেলের দিকে ঝুঁকছেন বলে জানা গেছে।

এদিকে শ্রদ্ধা কাপুর বর্তমানে তার নতুন সিনেমা ‘ইথা’র শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবির জন্য তিনি ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

তবে অশনীর গ্রোভারের বায়োপিকের ক্ষেত্রে শেষ পর্যন্ত শ্রদ্ধা ২০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, নাকি প্রযোজক হিসেবে যুক্ত হয়ে সিনেমার লাভে অংশীদার হবেন- এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন শ্রদ্ধার ভক্তরা।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -