ঢাকা জেলা প্রতিনিধি:মামুন আহমেদ জয়। ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। গ্রেপ্তারদের মধ্যে একজনের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলায়।
রোববার (৯ আগস্ট) সাভার মডেল থানাধীন মল্লিকারটেক ও আশুলিয়া থানাধীন জিরানী এলাকায় পৃথকভাবে অভিযান দুটি পরিচালনা করে ডিবি (উত্তর)।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে ডিবির সদস্যরা অংশ নেন।
ডিবি সূত্রে জানা যায়, ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন মল্লিকারটেক এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। এ সময় পুড়াবাড়ী পশ্চিমপাড়া এলাকার মো. এমরান মিয়া (৪০) এবং বাড্ডা বাটপাড়া এলাকার মো. শরিফুল ইসলাম (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন জিরানী এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসআই (নিঃ) মাসুদ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. সুমন আলী (৪৫) ও মো. ছানোয়ার হোসেন (২৪) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন আলীর বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার গোলাইল এলাকায়। অপর আসামি ছানোয়ার হোসেনের স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায়। তবে তিনি আশুলিয়ার টেংগুরী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে ডিবি জানিয়েছে।
এই অভিযানে তাদের কাছ থেকে আরও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। দুটি পৃথক অভিযানে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করা হয়। ডিবির দাবি, গ্রেপ্তার চারজনই পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ডিবি আরও জানায়, গ্রেপ্তার মো. এমরান মিয়ার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলবে।
আলোকিত প্রতিদিন/এপি

