নিজস্ব প্রতিবেদক :
বিদেশে উচ্চশিক্ষার টিউশন ফি ও অন্যান্য অনুমোদিত শিক্ষা ব্যয় পরিশোধের প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে বিদেশি বিশ্ববিদ্যালয় ও অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে সরাসরি ফি পরিশোধ করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা।
সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিদেশি বিশ্ববিদ্যালয় ও অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিউশন ফি ও অন্যান্য আনুষঙ্গিক শিক্ষা ব্যয় পরিশোধের চাহিদা বেড়েছে। শিক্ষার্থীদের এ চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষা ব্যয় মেটাতে আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।
নতুন এ ব্যবস্থায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অন্যতম বড় সুবিধা হলো—শিক্ষা-সংক্রান্ত এসব লেনদেন প্রচলিত বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বাইরে থাকবে।
অর্থাৎ, বিদেশে উচ্চশিক্ষার টিউশন ফি বা অনুমোদিত শিক্ষা ব্যয় পরিশোধে ব্যবহৃত বৈদেশিক মুদ্রা সাধারণ ব্যক্তিগত ভ্রমণের জন্য নির্ধারিত বৈদেশিক মুদ্রা কোটায় কোনো প্রভাব ফেলবে না।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীর নামে অথবা তার শিক্ষা ব্যয়ের দায়িত্ব বহনকারী অভিভাবক বা অন্য ব্যক্তির নামেও এ ধরনের আন্তর্জাতিক কার্ড ইস্যু করা যাবে।
তবে কার্ডের অপব্যবহার রোধে ব্যাংকগুলোকে নির্ধারিত নিয়ন্ত্রক বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ডের মাধ্যমে যেন কেবল অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয়ই পরিশোধ করা হয়, তা নিশ্চিত করার দায়িত্বও সংশ্লিষ্ট ব্যাংকের ওপর দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতিটি লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ করতে হবে ব্যাংকগুলোকে। নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে এসব লেনদেনের তথ্য বাংলাদেশ ব্যাংকে নিয়মিতভাবে প্রতিবেদন আকারে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের টিউশন ফি ও সংশ্লিষ্ট ব্যয় পরিশোধের ক্ষেত্রে প্রক্রিয়াটি আরও সহজ ও সরাসরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আলোকিত প্রতিদিন / এম আর এম

