আজ , ।   

মুরাদনগরে রান্নায় দেরি হওয়ায় স্বামীর হাতে স্ত্রী খু*ন

আরো খবর

নাজমুল হাসান:

কুমিল্লার মুরাদনগরে দুপুরের খাবার রান্না করতে দেরি হওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে ধারালো দা দিয়ে গলায় আঘাত করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জামাল শিকদার (৪৪) নামে এক ব্যক্তিকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

১০ আগস্ট সোমবার দুপুরে উপজেলার ২০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের পশ্চিম উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত আরজুনা (৩৫) ওই গ্রামের বাসিন্দা শফিক মাঝির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার রাজামেহের এলাকা থেকে এসে পাহাড়পুর গ্রামে বসতি গড়েন জামাল শিকদার ও আর্জুনা বেগম। জামাল শিকদার স্থানীয় বিসমিল্লাহ ফিশারি প্রজেক্টে কর্মরত আছেন।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ বছর আগে জামাল শিকদারের সঙ্গে আরজুনার বিয়ে হয়। তাঁদের সংসারে জান্নাত (১৭) ও ইয়াসিন আরাফাত (১১) নামে দুই সন্তান রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জামাল শিকদার একটি মাছের প্রজেক্টে কাজ করেন। সোমবার দুপুরে মাছের প্রজেক্টে খাবার দিয়ে বাড়িতে ফিরে তিনি দুপুরের খাবার তৈরি না পাওয়ায় স্ত্রী আরজুনার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের মধ্যে ঝগড়া তীব্র হলে জামাল শিকদার ধারালো দা দিয়ে আরজুনার গলায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং জড়িত ব্যক্তির বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আলোকিত প্রতিদিন/ ১০ আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -