আন্তর্জাতিক ডেস্ক :
নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্য। পরীক্ষায় সংস্কার ও অনিয়মের প্রতিবাদে হাজার হাজার শিক্ষার্থী রাজ্য বিধানসভা অভিমুখে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিক্ষোভের মধ্যে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) সাবেক চেয়ারম্যান এল খিয়াংতেকে গ্রেপ্তার করেছে রাজ্য সিআইডি। তিনি সম্প্রতি পদ থেকে পদত্যাগ করেছিলেন।
নিয়োগ পরীক্ষায় সংস্কারের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী রাজ্য বিধানসভা এলাকায় জড়ো হন। তাদের সঙ্গে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্র মাহতোও মিছিলে অংশ নেন।
বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করলে একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী পানির প্রবল স্রোতের মধ্যেই নাচতে শুরু করেন। এ দৃশ্য ভারতের আলোচিত নিট আন্দোলনের সময়কার বিভিন্ন ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সকাল থেকেই ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে ট্রেন, বাসসহ বিভিন্ন যানবাহনে করে শিক্ষার্থীরা রাজধানীতে আসতে থাকেন। এক শিক্ষার্থী বলেন, সরকারের উচিত শিক্ষার্থীদের কথা শোনা এবং তাদের দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া।
এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী রাঁচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গুরুত্বপূর্ণ স্থান ও প্রধান সংযোগস্থলগুলোতে ব্যারিকেড বসানো হয়েছে। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। বিক্ষোভের কারণে শহরের বেশিরভাগ স্কুলও বন্ধ রাখা হয়েছে।
রাজধানীতে শিক্ষার্থীদের প্রবেশ ঠেকাতে জেলার সীমান্ত, প্রধান সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
১৩ পরীক্ষা বাতিলের দাবি শিক্ষার্থীদের
ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) ও ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করেই আন্দোলন শুরু হয়।
আন্দোলনকারী সংগঠন ও সরকার-নিযুক্ত একটি প্যানেলের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও সমাধান হয়নি। সর্বশেষ বৈঠকেও কোনো সমঝোতা না হওয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তাদের দাবি, অনিয়মের কারণে ১৩টি পরীক্ষা বাতিল করতে হবে। তবে সরকার তিনটি পরীক্ষা বাতিল করতে সম্মত হয়েছে বলে আন্দোলনকারীদের দাবি।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের দাবির ৯৮ শতাংশ মেনে নেওয়া হয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাজ্য সরকার।
তবে শিক্ষার্থীরা সরকারের প্রস্তাবে সন্তুষ্ট নন। আন্দোলনের অংশ হিসেবে ছয়জন বিক্ষোভকারী অনশন কর্মসূচিও চালিয়ে যাচ্ছেন।
আলোচনার আহ্বান মুখ্যমন্ত্রীর
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, লাঠিচার্জ নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হওয়া উচিত। এর আগে তিনি বিক্ষোভকারীদের আশ্বস্ত করে জানিয়েছিলেন, নিয়োগ পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে রাঁচিসহ রাজ্যের বিভিন্ন এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
সূত্র: এনডিটিভি
আলোকিত প্রতিদিন / এম আর এম

