বিশেষ প্রতিনিধি:
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ভয়াবহ ধাক্কায় এক তরুণ বিচারকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক আহত হয়েছেন। ১০ আগস্ট সোমবার ভোরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার লাহিড়িকান্দি বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত বিচারকের নাম এ কে এম সামিউল হক (২৭)। তিনি জামালপুরের ইসলামপুর আদালতে সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি নেত্রকোনা সদর উপজেলায়। তিনি এ কে এম ফজলুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জামালপুরের দিকে যাচ্ছিল একটি দ্রুতগতির প্রাইভেটকার। লাহিড়িকান্দি বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে আঘাত করে গাড়িটি। সংঘর্ষে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় গাড়িতে থাকা বিচারক সামিউল হক ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় প্রাইভেটকারের চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ভোরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আলোকিত প্রতিদিন/ ১০ আগস্ট ২০২৬/মওম

