আলোকিত প্রতিবেদক :
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়। সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর সমুদ্র এলাকায় ‘অপারেশন সমুদ্র প্রহরা’য় নিয়োজিত কোস্ট গার্ডের জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক বোটের গতিবিধি নজরে আসে। কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে সেটি সংকেত উপেক্ষা করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়।
আটকের পর বোটটিতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা দুই ব্যক্তিকেও আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। চক্রটি মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে ইয়াবার এই বড় চালানের বিষয়ে তথ্য পাওয়ার পরই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদক চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। জব্দ করা ইয়াবা ও বোটসহ আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

