বিশেষ প্রতিবেদক :
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সুচারু ও সফলভাবে পরিচালনার লক্ষ্যে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (৯ আগস্ট) কমিটিগুলো গঠন করে অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সুচারু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এসব কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিগুলোর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে সমন্বয় কমিটি, প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি রয়েছে। এছাড়া সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বে আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি, কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে আসন ব্যবস্থাপনা কমিটি এবং আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, কমিটিগুলো প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীকে অন্তর্ভুক্ত করতে পারবে। চিঠি পাওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলো দ্রুত সভা আহ্বান করে কর্মপরিকল্পনা গ্রহণ করবে। পাশাপাশি কমিটির আহ্বায়করা তাদের কার্যক্রম নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)-কে অবহিত করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

