আজ , ।   

বিদেশ ভ্রমণের প্যাকেজ মিলবে টাকায়, ডলারের ঝামেলা কমল

আরো খবর

ট্যুর অপারেটরদের বড় সুবিধা

নিজস্ব প্রতিবেদক :

বিদেশ ভ্রমণের প্যাকেজ কিনতে এখন থেকে বাংলাদেশি ভ্রমণকারীদের সরাসরি বৈদেশিক মুদ্রা নিয়ে ভাবতে হবে না। টাকায় অর্থ পরিশোধ করেই বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ তৈরি হয়েছে। এতে ভ্রমণকারীদের জন্য বিদেশ ভ্রমণের প্রক্রিয়া আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

এ জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) নিবন্ধিত সদস্য ট্যুর অপারেটররা ভ্রমণকারীদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রায় অর্থ গ্রহণ করে বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রি করতে পারবেন। পরে সংগৃহীত অর্থের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যাংকের মাধ্যমে বিদেশে সংশ্লিষ্ট সেবাদাতাদের কাছে পাঠানো যাবে।

রোববার (৯ আগস্ট) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনার আওতায় টোয়াবের যেসব সদস্য ট্যুর অপারেটরের সঙ্গে বিদেশি ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির বৈধ চুক্তি কিংবা ব্যবসায়িক সমঝোতা রয়েছে, তারা এ সুবিধা পাবেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক বিদেশে আবাসন, পরিবহনসহ প্রকৃত ভ্রমণসেবার বিপরীতে বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নিয়মিত বার্ষিক ভ্রমণ কোটার বাইরে একজন ভ্রমণকারীর জন্য প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ভ্রমণকারীর পাসপোর্ট নম্বরের বিপরীতে লেনদেনের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ করতে হবে ট্যুর অপারেটরকে।

পাশাপাশি ভ্রমণকারীর কাছ থেকে লিখিত ঘোষণা নিতে হবে যে, তিনি অন্য কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে নির্ধারিত বার্ষিক সীমা অতিক্রম করেননি।

তবে ৩ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের প্যাকেজ কেনার ক্ষেত্রেও সুযোগ রাখা হয়েছে। এ ধরনের প্যাকেজের মূল্য আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হবে। এ ধরনের লেনদেনে এডি ব্যাংকগুলো অ্যাকোয়ারিং সেবা দিতে পারবে।

বিদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর আগে সংশ্লিষ্ট ইনভয়েস, চুক্তিপত্র, বিস্তারিত ভ্রমণসূচি, ভ্রমণকারীদের তালিকা এবং টাকায় অর্থ গ্রহণের প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে এডি ব্যাংকগুলোকে। বৈদেশিক মুদ্রা পাঠানোর সাত দিনের মধ্যে এ সংক্রান্ত বিস্তারিত বিবরণ বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পর্যটন খাতের উদ্যোক্তারা। তাদের মতে, টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ চালু হওয়ায় গ্রাহকদের জন্য লেনদেনের প্রক্রিয়া সহজ হবে। একই সঙ্গে দেশের আউটবাউন্ড ট্যুরিজম খাতের বিকাশ এবং ট্যুর অপারেটিং ব্যবসাকে আরও গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -