আজ , ।   

নাফ নদী থেকে ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকা*ন আর্মি

আরো খবর

স্পিডবোটের ধাওয়ায় সাগরে ঝাঁপ, সাঁতরে ফিরলেন দুই জেলে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে ট্রলারসহ তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এ সময় স্পিডবোটের ধাওয়া খেয়ে সাগরে ঝাঁপ দিয়ে প্রায় এক ঘণ্টা সাঁতার কেটে প্রাণে বেঁচে ফিরেছে দুই জেলে।

শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ধরে নিয়ে যাওয়া তিন জেলে হলেন—টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার লেডা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০), একই এলাকার মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭) এবং মোহাম্মদ আইয়ুবের ছেলে হারুন। আর সাঁতরে প্রাণে বেঁচে আসা দুই জেলে হলেন একই এলাকার নুর আলী ও মোহাম্মদ শরীফ।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি বলেন, শনিবার সকালে পাঁচ জেলে নাফ নদীতে মাছ ধরতে যান। মাছ ধরে ফেরার সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে একটি স্পিডবোট তাদের ধাওয়া করে। এ সময় নুর আলী ও মোহাম্মদ শরীফ সাগরে ঝাঁপ দেন। পরে প্রায় এক ঘণ্টা সাঁতার কেটে তাঁরা বাংলাদেশের ভূখণ্ড গোলারচরে পৌঁছান। অপর তিন জেলেকে স্পিডবোটে থাকা আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে যায় বলে দাবি করেন তিনি।

আব্দুল গণি আরও বলেন, এর আগেও ওই এলাকা থেকে ২০ থেকে ২৫ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। নাফ নদী ও সাগরে মাছ শিকার এখন জেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সবসময় জেলেদের মধ্যে আতঙ্ক কাজ করে। সুযোগ পেলেই স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, জালিয়াপাড়া এলাকার তিন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি খোঁজখবর নিয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, তিন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার খবর তাঁরা পেয়েছেন। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জেলেদের ফেরত আনার বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -