আজ , ।   

দেবিদ্বারে বিএনপি নেতা আবদুল আউয়াল খানের ৬ষ্ঠ মৃ*ত্যুবার্ষিকীতে স্মরণসভা

আরো খবর

নাজমুল হাসান:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা কলেজের সাবেক জিএস এবং কুমিল্লার দেবিদ্বারের কৃতি সন্তান মরহুম আবদুল আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

৭ আগস্ট শুক্রবার বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে মরহুম আবদুল আউয়াল খান স্মৃতি সংসদের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। ২০২০ সালের ২০ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বিএনপির নেতা আবদুল আউয়াল খান  ।

দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসীম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান এবং বিএনপি নেতা আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ আউয়াল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মীর নেওয়াজ আলী নেওয়াজ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, একরামুল হক বিপ্লব, ওমর ফারুক সাফিন ও সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম, ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী ও অ্যাডভোকেট তৌহিদুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে মরহুম আবদুল আউয়াল খানের কবর জিয়ারত করেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি। পরে তিনি মরহুমের নিজ বাসভবনে গিয়ে তাঁর সহধর্মিণীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি  সমবেদনা এবং আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য, ত্যাগ ও নিষ্ঠা আবদুল আউয়াল খানের পরিবারের রাজনৈতিক পরিচয়ের অন্যতম বৈশিষ্ট্য। দল ও জনগণের স্বার্থে তাঁদের অবদান এবং রাজনৈতিক অঙ্গীকার অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, মরহুম আবদুল আউয়াল খান তাঁর রাজনৈতিক জীবনে দলের প্রতি যে ত্যাগ, নিষ্ঠা এবং ভালোবাসার দৃষ্টান্ত রেখে গেছেন, তা বিএনপির নেতাকর্মীদের জন্য অনুকরণীয়। তাঁর আদর্শ নতুন প্রজন্মকে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত করবে।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা আদর্শ, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোকিত প্রতিদিন /০৮ আগস্ট ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -