আলোকিত েডস্ক:
বাংলাদেশ থেকে তাজা আনারস আমদানির অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। এর ফলে পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির সুযোগ তৈরি হওয়ার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য এবং ফলের আমদানি-রফতানি প্রসার ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পথ সুগম হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন।
৭ আগস্ট শুক্রবার হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। এই ফল পাকিস্তানে রফতানির জন্য দেশটির সরকারের অনুমতি পেতে বাংলাদেশ হাইকমিশন ও উপ হাইকমিশনসহ কৃষি সম্প্রসারণ অধিদফতর, কৃষি মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করেছে।
হাইকমিশন বলছে, এই সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা এবং কর্তৃপক্ষের মধ্যে কয়েক বছর যাবত ক্রমাগত যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এ সুযোগ তৈরি হয়েছে।
আলোকিত প্রতিদিন /০৮ আগস্ট ২০২৬/মওম

