জেসমিন আক্তার, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ চৌরাস্তা থেকে তাওয়াকুচাগামী পাকা সড়কের পাশের একটি বনাঞ্চল থেকে এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বনের ভেতরে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের ৬০০ বোতল উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মদ বহনকারীরা বোতল গুলো ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, উদ্ধার করা মদ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

