নিজস্ব প্রতিবেদক :
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশলী বিভাগে পদোন্নতি প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক অসংগতির অভিযোগ ওঠায় সংস্থাটির সব ধরনের পদোন্নতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত সম্প্রতি গৃহীত সব পদোন্নতি কার্যক্রম বন্ধ থাকবে।
গত ৩ আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, পদোন্নতি-সংক্রান্ত অভিযোগ তদন্তে মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পদোন্নতির সব কার্যক্রম স্থগিত রাখতে হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের এক কর্মকর্তার অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি, প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রকৌশলী বিভাগে প্রভাব বিস্তার করে আসছে। একটি গুরুত্বপূর্ণ বিভাগ থেকে ১৫টি অনুমোদিত পদ প্রত্যাহার করে বিধিবহির্ভূতভাবে নতুন পদোন্নতির প্রস্তাব তৈরির অভিযোগও রয়েছে। এ বিষয়ে গত ২৮ জুন একটি সভা অনুষ্ঠিত হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) পার্ট-১৪৫ বিধিমালার আওতায় অনুমোদিত জনবল কমিয়ে দেওয়ায় বিমান পরিচালনার নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রাখা ঝুঁকির মুখে পড়তে পারে।
এ ছাড়া ২০২২ সালের শেষ দিকে যোগ দেওয়া কয়েকজন কনিষ্ঠ কর্মীকে অস্বাভাবিকভাবে গ্রুপ-৬ পদে পদোন্নতি দিতে একটি সিন্ডিকেট সক্রিয় ছিল এবং এ প্রক্রিয়ায় প্রায় ৩১ লাখ টাকার অবৈধ আর্থিক লেনদেন হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আটজন যোগ্য প্রকৌশলীর পদোন্নতির ফাইল দীর্ঘদিন আটকে রাখা, লাইসেন্স ভাতা বন্ধ রাখা এবং কয়েকজন কর্মকর্তার প্রশাসনিক অনিয়মের বিষয়ও তুলে ধরা হয়েছে। পাশাপাশি যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি থেকে বঞ্চিত করা, বাধ্যতামূলক সাক্ষাৎকার ছাড়াই পদোন্নতি দেওয়া, বদলির মাধ্যমে কৃত্রিমভাবে পদ শূন্য দেখানো, জ্যেষ্ঠদের বাদ দিয়ে জুনিয়রদের পদোন্নতি, টেকনিক্যাল দায়িত্ব পালন না করেও ভাতা প্রদান, কাগজে-কলমে ভিন্ন পদায়ন এবং চুক্তিভিত্তিক নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে।
এ ছাড়া সাংগঠনিক কাঠামোয় অস্তিত্বহীন পদে বেতন প্রদান, অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অন্য বিভাগে বদলি এবং মুদ্রণ ও প্রকাশনা বিভাগেও বিধিবহির্ভূত পদোন্নতির অভিযোগ উত্থাপন করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা তারা পেয়েছেন এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন। মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

