আজ , ।   

এফএসআরইউ চালু হচ্ছে, তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বৃহস্পতিবার বিকেল থেকে আবার গ্যাস সরবরাহ শুরু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, এর ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, এফএসআরইউ মেরামতের কাজ বিকেলের মধ্যে শেষ হবে এবং গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে পাইপলাইনের চাপ (প্রেসার) স্বাভাবিক হবে। বন্ধ হয়ে যাওয়া গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোও পর্যায়ক্রমে চালু করা হবে।

গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। এরপর এফএসআরইউ বন্ধ হওয়ার আগের অবস্থায় সরবরাহ ফিরে আসবে।

গ্যাস সংকটের কারণে বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্যাসের সরবরাহ কমে গেলে আবাসিক গ্রাহকদের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে।

ভূতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, অভিযোগকারীদের বিল যাচাইয়ের জন্য জমা দিতে বলা হলেও অনেকেই তা করেন না। তিনি বলেন, বিদ্যুতের ব্যবহার, যন্ত্রপাতির সংখ্যা এবং মূল্য সমন্বয়ের বিষয়গুলো বিবেচনায় নিয়েই বিল নির্ধারিত হয়।

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মন্ত্রী জানান, এটি ছিল নিয়মিত বৈঠক। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধও জানানো হয়েছে।

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন জ্বালানি মন্ত্রী।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -