আলোকিত প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে আসামি করা হয়েছে।
এ মামলায় ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, শিক্ষক কে এম জামাল উদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ মোট আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রসিকিউটর গাজী এম এইচ তামীম তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
প্রসিকিউশন সূত্র জানায়, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলাটি দীর্ঘ সময় ধরে তদন্ত করে তদন্ত সংস্থা। তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বর্তমানে প্রতিবেদনটি যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তী সময়ে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে এটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।
এর আগে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া শুরু হবে।
এদিকে, জুলাই আন্দোলন-সংক্রান্ত শেখ হাসিনার মামলায় সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার একটি ফোনালাপ এর আগে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল। প্রসিকিউশনের দাবি, ওই ফোনালাপে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল।
আলোকিত প্রতিদিন / এম আর এম

