নিজস্ব প্রতিবেদক :
দেশে গত জুলাই মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৭ জন নারী ও ৪৮ জন শিশু। একই সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১১ জন আহত এবং ২৯টি রেল দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত জুলাই মাসের সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং সংস্থাটির নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৮ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৩ দশমিক ১৭ শতাংশ। এছাড়া ১০৬ জন পথচারী (২৫.৪৮ শতাংশ) এবং ৫১ জন চালক ও সহকারী (১২.২৫ শতাংশ) প্রাণ হারিয়েছেন।
যানবাহনভিত্তিক হিসাবে মোটরসাইকেলের পর সবচেয়ে বেশি নিহত হয়েছেন থ্রি-হুইলারের যাত্রী, ৯৪ জন। স্থানীয়ভাবে তৈরি যানবাহনে নিহত হয়েছেন ২৬ জন, বাসে ২১ জন, ট্রাক ও পণ্যবাহী যানবাহনে ১৯ জন, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সে ৭ জন এবং রিকশা ও সাইকেলে ৫ জন।
দুর্ঘটনার মধ্যে ১৬৯টি জাতীয় মহাসড়কে, ১৫৫টি আঞ্চলিক সড়কে, ৬১টি গ্রামীণ সড়কে, ৬৬টি শহরের সড়কে এবং ৭টি অন্যান্য স্থানে ঘটেছে। দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে নিয়ন্ত্রণ হারানো (৩৫.৮০ শতাংশ), মুখোমুখি সংঘর্ষ (২৬.৮৫ শতাংশ), পথচারীকে চাপা দেওয়া (২৩.৫৮ শতাংশ) এবং পেছন থেকে ধাক্কা (১১.৭৯ শতাংশ)।
প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় মোট ৭১১টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেল (১৭২টি), থ্রি-হুইলার (১৩১টি), বাস (১২৪টি) এবং ট্রাক (৯২টি)।
বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩৩টি দুর্ঘটনায় ১২৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে বরিশাল বিভাগে সবচেয়ে কম ২৮টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হন। রাজধানী ঢাকায় ৩৪টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন।
আলোকিত প্রতিদিন / এম আর এম

