নিজস্ব প্রতিবেদক :
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিকল ভাঙার লক্ষ্য শুধু কোনো স্বৈরাচারী বা নিপীড়নমূলক ব্যবস্থার অবসান নয়; বরং এমন একটি গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও সৃজনশীলতা আর কখনো বাধাগ্রস্ত হবে না।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পরও বাংলাদেশকে বারবার শিকল ভাঙার আন্দোলনে নামতে হয়েছে। কারণ বিভিন্ন সময়ে জনগণের কণ্ঠ দমিয়ে রাখার চেষ্টা হয়েছে। এতে দেশের স্বাভাবিক অগ্রগতি, আর্থসামাজিক উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বাধাগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, বিশ্বের অনেক দেশ ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হলেও বাংলাদেশে বারবার গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হওয়ায় কাঙ্ক্ষিত উন্নয়নের গতি ব্যাহত হয়েছে।
জহির উদ্দিন স্বপন বলেন, এবারের শিকল ভাঙার আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য হলো—এর পরবর্তী করণীয় সম্পর্কেও একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। নেতা তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার লক্ষ্য অনুযায়ী দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, “আমরা যেমন শিকল ভাঙতে পেরেছি, তেমনি একটি শিকলমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা অটল প্রতিজ্ঞ।”
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘শিকল ভাঙার জুলাই’ শুধু একটি প্রকাশনা নয়, এটি জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের গুরুত্বপূর্ণ দলিল।
তিনি জানান, প্রকাশনাটিতে বিভিন্ন ব্যক্তির স্মৃতিচারণ, বিশ্লেষণ ও আলোকচিত্র সংযোজন করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন / এম আর এম

