আজ , ।   

মাঠে বদলি নেমেই চমক দেখালেন নেইমার

আরো খবর

ক্রীড়া ডেস্ক:

ইনজুরি কাটিয়ে এসেই নিজের চেনা রূপ দেখালেন নেইমার জুনিয়র। রেমোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে প্রতিপক্ষের রক্ষণ চুরমার করে দিলেন তিনি। ব্রাজিলিয়ান এই সুপারস্টারের চমৎকার এক অ্যাসিস্টে রনির করা একমাত্র গোলে রেমোকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো সান্তোস।

মাঙ্গুয়েরাও স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ম্যাচের শুরু থেকেই টানটান উত্তেজনা ছিল। প্রথম মিনিটেই সান্তোসের গ্যাব্রিয়েল মেনিনো রেমোর গোলমুখে বড় সুযোগ তৈরি করেন। তবে স্বাগতিক রেমোও পাল্টা আক্রমণে গিয়ে আলেফ মাঙ্গা এবং জাজার মাধ্যমে সুযোগ তৈরি করলেও গোল করতে পরেনি। ম্যাচের ২৭ মিনিটে ঘটে আসল নাটকীয়তা; ডি-বক্সের ঠিক বাইরে ফাউল করায় ডিফেন্ডার মারলনকে প্রথমে হলুদ কার্ড দেন রেফারি অ্যান্ডারসন দারোনকো। কিন্তু পরবর্তীতে ভিএআরের সহায়তা নিয়ে সিদ্ধান্ত বদলে তাকে সরাসরি লাল কার্ড দেখান তিনি। ফলে ১০ জনের দলে পরিণত হয় রেমো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ বাড়াতে নেইমারকে মাঠে নামান সান্তোস কোচ কুকা। কোচের আস্থার পূর্ণ প্রতিদান দেন নেইমার ম্যাচের ৭৪ মিনিটে। রেমোর মিডফিল্ডার জে ওয়েলিসনকে দুর্দান্ত এক ট্যাকলে পরাস্ত করে বল কেড়ে নেন তিনি। বাঁ দিক দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ চিরে বক্সে ঢুকে নিখুঁত পাস বাড়ান সতীর্থ রনির উদ্দেশ্যে। রনি ভুল না করে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন।

ম্যাচের শেষ মুহূর্তে রেমোর ভিতোরের একটি ফ্রি-কিক পোস্টে লাগলে বেঁচে যায় সান্তোস।  ১-০ গোলের জয় নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে নেইমারের দল।

এই জয়ের মাধ্যমে কোপা দো ব্রাজিলের শেষ আটে পৌঁছায় এবং ৪ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল প্রাইজমানিও নিশ্চিত করেছে সান্তোস।

আলোকিত প্রতিদিন /০৫ আগস্ট ২০২৬/মওম 

- Advertisement -
- Advertisement -