আজ , ।   

ঘাটাইলে দিন দিন বাড়ছে ডে*ঙ্গু রো*গী, জনবল সং*কট চ*রম ভো*গান্তি

আরো খবর

রাহাত সরকার

টাঙ্গাইলের ঘাটাইলে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। তবে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও সেই অনুপাতে নেই প্রয়োজনীয় জনবল। ফলে সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। স্থানীয়দের মতে, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডেঙ্গু যেন ধীরে ধীরে নীরব মহামারির রূপ নিচ্ছে।
​উপজেলার ১৪টি ইউনিয়ন থেকেই প্রতিদিন জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা, বমি ও ডেঙ্গুর নানা উপসর্গ নিয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। তবে হাসপাতালে জনবল সংকট থাকায় সেবা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। টিকিট কাউন্টার, প্যাথলজি বিভাগ থেকে শুরু করে বহির্বিভাগ সবখানেই রোগীদের দীর্ঘ লাইন চোখে পড়ে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেকের মধ্যেই ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
​স্থানীয়দের অভিযোগ, কেবল হাসপাতালের সেবাই নয়, ঘাটাইল উপজেলায় ডেঙ্গু প্রতিরোধেও দৃশ্যমান কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। নিয়মিত মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার না করা হলে আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
অবশ্য জনবল সংকটের বিষয়টি স্বীকার করেও চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নইম মোহাম্মদ সোহেল। তিনি বলেন, সীমাবদ্ধতার মধ্যেও আমরা ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে বা আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার কথা জানিয়েছেন।
​এদিকে ঘাটাইলে ডেঙ্গুর বিস্তার থামাতে অবিলম্বে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও জনবল সংকট দূর করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পাশাপাশি সমন্বিত মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন নাগরিকরা।

আলোকিত প্রতিদিন /০৫ আগস্ট ২০২৬/মওম 

- Advertisement -
- Advertisement -