বিশেষ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এদিন সকাল ৯টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
জুলাই জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আরও বলেন, সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধন অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
উদ্বোধনের প্রথম দিন জাদুঘরটি যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত রাখা হবে। পরের দিন অর্থাৎ ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং দীর্ঘদিনের স্বৈরশাসনের নানা নিদর্শন সংরক্ষণ করে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর। জাদুঘরে স্থান পেয়েছে ২০২৪ সালের আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, দুর্লভ দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ড এবং গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট নানা স্মারক। পাশাপাশি গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন ঘটনাপ্রবাহের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-উপাত্তও সংরক্ষণ করা হয়েছে এই জাাদুঘরে।
আলোকিত প্রতিদিন/এপি

