ক্রীড়া প্রতিবেদক :
আগামী ৪ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ, যা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। তবে বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীকে শুরু থেকেই মাঠে নামানোর পরিকল্পনায় টুর্নামেন্টের সূচিতে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।
ফিফার নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডো ৯ থেকে ১৭ নভেম্বর। এই সময় ক্লাবগুলো জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য হলেও, তার আগে হামজাকে ছাড়তে লিস্টার সিটি বাধ্য নয়। ফলে বাংলাদেশের কোনো ম্যাচ যদি ৯ নভেম্বরের আগে অনুষ্ঠিত হয়, তাহলে সেই ম্যাচে হামজাকে পাওয়া অনিশ্চিত।
শনিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান জায়গা পেয়েছে। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।
স্বাগতিক হিসেবে ২৩ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সে কারণে টুর্নামেন্টের শুরুতে ‘বি’ গ্রুপের ম্যাচ রেখে বাংলাদেশের ম্যাচ কিছুটা পিছিয়ে দেওয়ার আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হামজাকে শুরু থেকেই খেলাতে সাউথ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (সাফ)ও সূচি চূড়ান্ত করতে সময় নিচ্ছে।
এদিকে নেপালের অংশগ্রহণও সূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। নিষেধাজ্ঞা উঠে গেলে সাত দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের সাফ এবং নেপালকে রাখা হবে বাংলাদেশের গ্রুপে। সেক্ষেত্রে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ হবে তিনটি এবং ফিফা উইন্ডোর মধ্যে সেগুলো আয়োজনের সুযোগও বাড়বে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রয়োজনে হামজাকে আগেভাগে ছাড়িয়ে আনতে লিস্টার সিটির সঙ্গে আলোচনায় বসতেও প্রস্তুত। কারণ হামজা শুধু বাংলাদেশের নয়, পুরো টুর্নামেন্টের অন্যতম বড় আকর্ষণ। তার উপস্থিতিতে টিকিট বিক্রি, দর্শক আগ্রহ ও বাণিজ্যিক সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ট্রফি উন্মোচন অনুষ্ঠানেও তাকে কেন্দ্রীয় আকর্ষণ হিসেবে রাখতে চায় সাফ।
এদিকে নভেম্বরে সাফ শুরুর আগে সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা উইন্ডো কাজে লাগাতে চায় বাফুফে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে অন্তত একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ অথবা একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা চলছে।
আলোকিত প্রতিদিন / এম আর এম

