শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, মদন উপজেলার চানগাঁও (শাহপুর) গ্রামের মৃত রোজ আলী সরকারের ছেলে মোঃ রবিউল আলম (৩০)।
নেত্রকোণা ডিবি পুলিশের (পশ্চিম) অফিসার ইনচার্জ দেবাংশু কুমার দে সোমবার বিকালে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোঃ রাজন মিয়ার নেতৃত্বে একটি চৌকস টিম ২ আগস্ট রবিবার মদন উপজেলার চানগাঁও (শাহপুর) এলাকার মৃত রোজ আলী সরকারের বসতঘরের সামনে অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবাসহ রবিউল আলমকে আটক করে।
আটককৃত রবিউল আলম এর বিরুদ্ধে মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর সোমবার বিকালে আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ বিচারক আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
আলোকিত প্রতিদিন /০৩ আগস্ট ২০২৬/মওম

