নিজস্ব প্রতিবেদক:
কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার দাম স্থিতিশীল রাখতে। ০৩ আগস্ট সোমবার থেকেই আমদানি কার্যক্রম শুরু হচ্ছে। এই খবরে রান্নায় জরুরি পণ্যটির দাম একদিনের ব্যবধানে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে।
৩ আগস্ট সোমবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতিকেজি কাঁচা মরিচ সর্বনিম্ন ২৮০ থেকে সর্বোচ্চ ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল যা সর্বনিম্ন ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।
রাজধানীর বিভিন্ন বাজারে হাইব্রিড কাঁচা মরিচ কেজিপ্রতি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর গাঢ় সবুজ জাতের চাষের মরিচ ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিন আগের টানা বৃষ্টির কারণে কৃষকের জমির কাঁচা মরিচ প্রচুর পরিমাণ নষ্ট হয়েছে। ফলে সরবরাহে এই সংকট তৈরি হয়েছে। এতে কয়েকদিনের মধ্যেই কাঁচা মরিচের দাম প্রায় তিনগুণ পর্যন্ত বেড়েছিল। এখন দাম কিছুটা কমতে শুরু করেছে।
যাত্রাবাড়ি বাজারে কাঁচা মরিচ কিনতে এসে ক্ষোভ প্রকাশ করেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক । তার মতে, কাঁচা মরিচের এই অস্বাভাবিক দামবৃদ্ধি পুরোটাই সিন্ডিকেট। তিনি কয়েক দিন আগেই ২০ টাকায় ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনেছিলেন। এখন যা কিনতে ৮০ টাকা দিতে হচ্ছে। যদি সিন্ডিকেটই না হয়, তাহলে গতকাল প্রতিকেজি ৪০০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ আজ ৩০০ টাকায় নামলো কীভাবে? এই প্রতিবেদকের কাছে এমন প্রশ্ন করেন তিনি।
প্রসঙ্গত, গতকাল রবিবার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো.আবদুস সালাম উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ গণমাধ্যমকর্মীদের জানান কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং কাঁচা মরিচ আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। ফলে দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে মনে করেন তিনি।
আলোকিত প্রতিদিন /০৩ আগস্ট ২০২৬/মওম

