বিনোদন ডেস্ক:
পর্দার রসায়ন থেকে বাস্তবের সংসার, দুই ভুবনেই সফল তারা। তিন দশকেরও বেশি সময় ধরে অটুট রয়েছে তাদের সম্পর্ক। ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি ওমর সানী ও মৌসুমী। আজ এই তারকাজুটির বিবাহবার্ষিকী।
অন্যবারের মতো বিয়ের দিনে প্রিয়তমা স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সানী। ফেসবুকে একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমীন।’
ওমর সানী ও মৌসুমীর দেখা হয়েছিল ১৯৯২ সালে। তখন সানীর প্রথম সিনেমা মুক্তি পেয়েছে, আর মৌসুমীর প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির অপেক্ষায়। নতুন একটি সিনেমায় সানী-মৌসুমীকে একসঙ্গে নেয়ার আগ্রহ প্রকাশ করেন পরিচালক শেখ নজরুল ইসলাম। সে বিষয়ে আলোচনার জন্যই মৌসুমীর বাসায় বৈঠক হয়। তখনই তাদের প্রথম দেখা ও আলাপ হয়।
১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেছিলেন তারা। এ বছরও বিবাহবার্ষিকীর দিনে মৌসুমী ও সানী একসঙ্গে নেই। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন মৌসুমী। তাই মুঠোফোনেই আপাতত ভালোবাসা বিনিময় করছে তারা।
আলোকিত প্রতিদিন /০২ আগস্ট ২০২৬/মওম

