বিশেষ প্রতিনিধি: রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে রহস্যময় পরিত্যক্ত বস্তা ও বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় সাময়িকভাবে স্টেশন দুটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে ব্যাগ দুটি পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা যায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান কয়েকজন। একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়। এই দুই স্টেশনে রহস্যময় বস্তুর উপস্থিতিতে যাত্রী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় তখন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আজ।
ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি। তিনি আরও জানান, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থল বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পিলারের পাশে সন্দেহজনক একটি বস্তা পাওয়া গেছে। সেটিও পরীক্ষা–নিরীক্ষা করতে বোমা নিস্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচেও একটি ‘ছাতা বোমা’র সন্ধান পাওয়া গিয়েছিল। সে সময় বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করতে সক্ষম হলেও একজন পথচারী আহত হয়েছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

