মেলান্দহ( জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে এক নারীর গোসলের গোপন ভিডিও ধারণ করে হয়রানির অভিযোগে শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ।
আজ শনিবার (১ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ী সর্দারপাড়া এলাকার সাদেক আলীর ছেলে। তিনি মেলান্দহ বাজারের জিন্নাহ মার্কেটে কাপড়ের ব্যবসায়ী
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়- গত ২৯ জুলাই রাত ৮টার দিকে মেলান্দহ বাজারের জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি বাথরুমে ওই নারী গোসল করছিলেন। এ সময় অভিযুক্ত শফিকুল কৌশলে মোবাইল ফোনে তার গোসলের দৃশ্য ধারণ করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, এরপর থেকে অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। একপর্যায়ে ভিডিওটি ভুক্তভোগীর স্বামী সৌদি আরব প্রবাসীর কাছে পাঠিয়ে তাকে মানসিকভাবে হেনস্তা করা হয়। এছাড়া সামাজিক ভাবে হেয় করার উদ্দেশ্যে আত্মীয় স্বজনের কাছেও ভিডিওটি পাঠানো হয়।
সম্মানের কথা ভেবে ভুক্তভোগী নারী প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

