হেলাল উদ্দিন, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ হাজী পাড়া-দক্ষিণ পাড়া সংলগ্ন সাগর পাড়ে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) বিকেলে শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া-হাজীপাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয়দের দাবি, বেড়িবাঁধের ব্লকের মধ্যে কাপড়বিহীন একটি মরদেহ আটকে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর। তার মুখে দাড়ি রয়েছে এবং প্রাথমিকভাবে শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার ভোরে শাহপরীরদ্বীপ উপকূলে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজন হতে পারেন তিনি। তবে পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সনজীব জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা।
আলোকিত প্রতিদিন/এপি

