সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্যকে কেন্দ্র করে ধর্মীয় অবমাননার অভিযোগের ঘটনা দেশে নতুন নয়। এবার সেই ধারাবাহিকতায় মোঃ মিজানুর রাহামান নামে এক লেখক ও ব্লগারের বিরুদ্ধে ঢাকায় মামলা দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি তার ব্যক্তিগত ওয়েবসাইট এবং এক্স প্ল্যাটফর্মে ইসলাম ধর্ম, মহান আল্লাহ এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর ও বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন।
মামলার বাদী ইউসুপ কাউসার আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি এমনসব বক্তব্য প্রচার করেছেন যা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে। তার দাবি, এসব পোস্ট কেবল ব্যক্তিগত মতপ্রকাশ নয়; বরং ধর্মীয় বিদ্বেষ ও সামাজিক অস্থিরতা সৃষ্টির আশঙ্কাও তৈরি করেছে।
বাদীপক্ষ আদালতের কাছে অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানায়। পরে ৩০শে জুলাই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১২ নম্বর আদালতের বিচারক মোঃ রিপন হোসেন মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআই তদন্ত শাখাকে। তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্যে ২৭শে অক্টোবর ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, মামলাটি বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ সালের ২৯৫, ২৯৫(ক), ২৯৮ ধারায় দায়ের করা হয়েছে। মামলার রেজিস্ট্রেশন নম্বর সি.আর.-১৫৯৮/২০২৬।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের ভাষ্যমতে, অভিযুক্ত ব্যক্তি তার অনলাইন প্ল্যাটফর্মে ইসলাম ধর্ম এবং নবী-রাসূলদের নিয়ে “অত্যন্ত কুরুচিপূর্ণ” ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। তদন্ত সংস্থা এসব পোস্টের ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও যাচাই-বাছাই করবে বলে জানা গেছে।
অন্যদিকে, অভিযুক্ত মোঃ মিজানুর রাহামানের বক্তব্য এখনো পাওয়া যায়নি।
মামলার পরবর্তী শুনানি আগামী ২৭শে অক্টোবর অনুষ্ঠিত হবে।

