নিজস্ব প্রতিবেদক :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অর্জন, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবভিত্তিক এবং তথ্যনির্ভরভাবে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রমের সাফল্য ও বাস্তব অগ্রগতি জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরতে হবে।
তিনি বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিবিরোধী উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। জনকল্যাণমূলক কর্মসূচির দৃশ্যমান অগ্রগতিও নিশ্চিত করতে হবে।
মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ উদ্যোগ বাস্তবায়নে দেশব্যাপী বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও সমন্বিত করতে হবে। পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি।
সভায় মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ১৮০ দিনের কর্মপরিকল্পনার বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
আলোকিত প্রতিদিন / এম আর এম

